‘ধর্ম যার যার, দেশটা সবার’

‘ধর্ম যার যার, দেশটা সবার’

ফন্ট সাইজ:

‘কেউ সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান। আমরা সবাই বাংলাদেশি, সবাই এক, ধর্ম যার যার, দেশটা সবার।’ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জি. এম. ইকবাল হোসাইন। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজার পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার উপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আবদুর রহমান বাবুল, গৌরীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।