যশোরের অভয়নগরে নিজ বাড়ি থেকে আছিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা চোর বা দুর্বৃত্তরা রাতে ঘরে ঢোকার পর ওই নারী তাদের চিনে ফেলায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের মেয়ে পান্না বেগম জানান, বাবার মৃত্যুর পর থেকে তার মা ও খালা ওই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। গত সোমবার খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে রাতে মা বাড়িতে একাই ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আছিয়া বেগমকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে উঁকি দেন।
এ সময় খাটের উপর তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পান্না বেগম আরও বলেন, সকালে এসে দেখি খাটের উপর মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্বৃত্তরা আমার মাকে খুন করে সব লুটে নিয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
