পদ্মা নদীর শ্রীনগর অংশে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অপরাধে আট জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়। শ্রীনগর ও লৌহজং উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তর, নৌপুলিশ মাওয়া স্টেশন ও বাংলাদেশ কোস্ট গার্ড মাওয়া স্টেশনের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে নিষিদ্ধ সময়ে কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরার অপরাধে আটজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধ এবং ইলিশের প্রজনন ও উৎপাদন সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে শ্রীনগর উপজেলা প্রশাসন।
শ্রীনগরে পদ্মা নদীতে ইলিশ ধরায় ৮ জেলেকে কারাদণ্ড
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২১ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
