পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ফন্ট সাইজ:

পর্তুগালের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান। সোমবার লিসবনের বেলেম প্রাসাদে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন।
পরিচয়পত্র পেশের পর পর্তুগালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের প্রেসিডেন্ট ও সরকারপ্রধানের শুভেচ্ছা পৌঁছে দেন রাষ্ট্রদূত। এ সময় ঢাকায় পর্তুগালের আবাসিক কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, ঢাকায় পর্তুগালের দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়বে, প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার হবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারিত হবে।

সাক্ষাতে দুই দেশের মধ্যে জনশক্তি চলাচল কাঠামোর আওতায় সহযোগিতা কার্যকর ও এগিয়ে নেয়া, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও আলোচনা হয়। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে সরাসরি বিমান যোগাযোগ চালুর আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

পর্তুগালের প্রেসিডেন্ট দেশটিতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে পর্তুগিজ সমাজে তাদের একীভূত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক বিষয়াবলি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন সুযোগ নিয়েও আলোচনা হয়।

লিসবনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেয়া, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতাকে কার্যকর ফলাফলে রূপ দিতে দূতাবাস কাজ করে যাচ্ছে।