ঘাটলা আছে, পথ নেই

ঘাটলা আছে, পথ নেই

ফন্ট সাইজ:

 ঢাকার নবাবগঞ্জে সরকারি অর্থে নির্মিত ঘাটলা পড়ে আছে অব্যবহৃত। ইছামতী নদীর তীরে ঘাটলা নির্মাণ করা হলেও নেই সংযোগ সড়ক। ফলে প্রায় আট বছর ধরে অবকাঠামোটি স্থানীয় মানুষের কোনো কাজে আসছে না। এতে সরকারি অর্থ ব্যয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। উপজেলার বারুয়াখালী ইউনিয়নের কুমারবাড়িল্যায় ইছামতী নদীর তীরে কাজী বাড়ি ঘাটলার এ চিত্র দেখা গেছে। ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব খাতের ৪ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ঘাটলাটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাওহীদ এন্টারপ্রাইজ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটলা থেকে প্রধান সড়কের দূরত্ব প্রায় ৩০ মিটার।

কিন্তু দীর্ঘ সময়েও ওই অংশে যাতায়াতের উপযোগী সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে প্রধান সড়ক থেকে ঘাটলায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি নদীর পাড়ের তুলনায় ঘাটলাটি উঁচু হওয়ায় স্বাভাবিকভাবে ওঠানামা করতেও ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনীয় সংযোগব্যবস্থা নিশ্চিত না করেই ঘাটলাটি নির্মাণ করায় এর সুফল পাচ্ছেন না তারা। যথাযথ পরিকল্পনার মাধ্যমে সংযোগ সড়ক নির্মাণ করা হলে নদী তীরবর্তী এলাকার মানুষের যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনে এটি ব্যবহার করা সম্ভব হতো। এলাকাবাসীর দাবি, ঘাটলাটি ব্যবহার উপযোগী করতে প্রধান সড়ক থেকে প্রায় ৩০ মিটার সংযোগ সড়ক নির্মাণের পাশাপাশি ওঠানামার সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি। সরকারি অর্থে নির্মিত একটি অবকাঠামো দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা জনস্বার্থে প্রকল্প বাস্তবায়ন ও এর কার্যকারিতা নিশ্চিত করার বিষয়টি সামনে এনেছে। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে কাজী বাড়ি ঘাটলাটি জনসাধারণের ব্যবহারের উপযোগী করবে।