প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে জুনে কাজের অগ্রগতি ১২ শতাংশ

প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে জুনে কাজের অগ্রগতি ১২ শতাংশ

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী-মঠব্রিজ সড়ক সংস্কারকাজে ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন তিন উপজেলার হাজারো মানুষ। প্রায় চার কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু হলেও নির্ধারিত সময় পেরিয়ে চার মাস অতিবাহিত হয়েছে। অথচ প্রকল্পের অগ্রগতি মাত্র ১২ শতাংশ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২৫-২৬ অর্থবছরের পল্লী সড়ক ও কালভার্ট রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এ কাজের অনুমোদন দেয়া হয়। গত ১৮ই জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্স সংস্কারকাজ শুরু করে। কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ১৭ই জুন। কিন্তু সড়কের কিছু অংশের কার্পেটিং তুলে ফেলার পর কাজের গতি কমে যায়।

এ ছাড়া, বৃষ্টির পর কাজ বন্ধ হয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই জমছে হাঁটুপানি। এতে শিবালয় ছাড়াও ঘিওর ও দৌলতপুর উপজেলার মানুষ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, গর্ভবতী নারী ও বয়স্কদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে অনেককে বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে। সম্প্রতি এ সড়কে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এলজিইডি সূত্রে জানা গেছে, সড়কটির বাকি পাঁচ কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার সংস্কারের জন্য নতুন করে দরপত্র প্রক্রিয়া চলছে। অবশিষ্ট এক কিলোমিটারের প্রাক্কলন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিবালয় উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বলেন, ডিসেম্বরের মধ্যে চলমান সংস্কারকাজ শেষ করার আশা করছেন তারা। তবে কবে নাগাদ সড়কটির দুর্ভোগ কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।