সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আব্দুল আহাদের সর্বোচ্চ শাস্তি ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, গত ১৮ই অক্টোবর সন্ধ্যায় চৌধুরীপাড়ায় মোতালিবের কার্যালয়ে ঢুকে একদল লোক তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত আহাদকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আহত সাংবাদিককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। হামলার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, ছাতক উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ আক্তারুজ্জামান, দোয়ারাবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী প্রমুখ। দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, আহাদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
