পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মা’কে কাঁচি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মোহাম্মদ উদ্দিন সরদার (২৭)-এর বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র দেড় ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএলবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সূর্য বানু (৫৫) ওই গ্রামের লোকমান সরদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। স্ত্রীর সঙ্গে তার অনেক আগেই বিচ্ছেদ হয়েছে। তাদের দুই সন্তানকে দাদা-দাদি লালন-পালন করেন। পুলিশি তথ্য অনুযায়ী, ঘটনার সময় নিহত সূর্য বানু বাড়িতে রান্না করছিলেন।
এ সময় নেশার টাকা না দেয়াকে কেন্দ্র করে ছেলে তার মা’কে কাঁচি দিয়ে গলা কেটে করে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করেন। পরে সকাল ১১টার দিকে লক্ষ্মীকোল গ্রামের আব্দুল হাকিমের বসতঘরের ভেতর থেকে লোহার দরজা কেটে তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
