সোমবার হুতিদের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনে এক প্রশিক্ষণকেন্দ্রে অন্তত ৫০ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইয়েমেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকার জানায়, শাবওয়ায় নতুন নিরাপত্তা কর্মীদের একটি প্রশিক্ষণ শিবিরে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কোনো যুদ্ধক্ষেত্রের সঙ্গে এর সংযোগ নেই উল্লেখ করে একে ‘সন্ত্রাসী’ হামলা বলে আখ্যা দিয়েছে তারা। তবে হুতিরা ভিন্ন কথা বলছে।
তারা জানায়, সৌদি-সমর্থিত বাহিনীর সমাবেশে তারা এই হামলা চালিয়েছে এবং নিহতদের মধ্যে সৌদি কর্মকর্তারাও রয়েছেন। তারা ইয়েমেনিদের এ ধরনের শিবির থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে। হুতিরা তাদের অবস্থান থেকে পিছু হটছে না। তাদের সামরিক মুখপাত্র জানান, তারা সৌদি আরবের গভীরে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালানো অব্যাহত রেখেছেন। নিজ সীমান্তের ভেতরে এই হামলা বৃদ্ধির কারণে ইয়েমেনিরা আশঙ্কা করছেন, যুদ্ধ এখন তাদের কাছাকাছি চলে আসছে। উভয় পক্ষই হামলা জোরদার করার হুমকি দিচ্ছে। সৌদি আরব তাদের বিমান হামলা বাড়িয়েছে। এতে ইয়েমেন জুড়ে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
