রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম–মোহাম্মদ শাহবাজ (২৬)।
মঙ্গলবার সকালে দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের একটি একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ বলেন, ওই পাকিস্তানি নাগরিক বাংলাদেশেই বসবাস করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন। এ বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য ছিল। এসব কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, শাহবাজ দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকের ৩৮ নম্বর বাসার একটি ফ্ল্যাটে থাকতেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বাসার ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দারোয়ান পুলিশকে খবর দিলে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
