মৌসুমের প্রথম জয়, ‘পরিবারের মতো’ ঐক্যবদ্ধ টটেনহ্যাম

মৌসুমের প্রথম জয়, ‘পরিবারের মতো’ ঐক্যবদ্ধ টটেনহ্যাম

ফন্ট সাইজ:

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে খোলামেলা আলোচনা এবং মার্বেলার দলীয় বন্ডিং ট্রিপের পর টটেনহ্যাম হটস্পার আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ হয়ে খেলছে বলে মন্তব্য করেছেন কোচ রবার্তো ডি জার্বি। সোমবার রাতে কোভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে চলতি ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম জয়ের দেখা পায় স্পার্সরা।

ম্যাচ শেষে ডি জার্বি বলেন, ‘ফলাফল তো বটেই, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটি। প্রথমত, আমরা বুঝতে পেরেছি প্রিমিয়ার লীগের অন্য দলগুলোর মতো আমরাও ম্যাচ জিততে পারি। দ্বিতীয়ত, গত দুই সপ্তাহের মতো যদি আমরা নিজেদের সেরাটা নিংড়ে দিই, তবে সাফল্য আসবে। ওল্ড ট্রাফোর্ডের আগের দিন আমরা একটি বড় সভা করেছি এবং নিজেদের পরিস্থিতি নিয়ে কথা বলেছি। দায়িত্ব স্বীকার না করলে আমরা সামনে এগোতে পারব না।’

গত সপ্তাহে স্কোয়াডকে স্পেনের মার্বেলাতে উষ্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও দলগত বোঝাপড়া বাড়াতে নিয়ে যান এই ইতালিয়ান কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সপ্তাহটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা একসঙ্গে সময় কাটিয়েছি এবং একটি পরিবারের মতো থাকতে চেয়েছি। ম্যাচের সময় যখন কোনো কঠিন পরিস্থিতি তৈরি হয়, তখন ১১ জন রোবটের মতো নয়, বরং বন্ধু ও ভাইয়ের জন্য মাঠে লড়তে হয়।’

ম্যাচে জেমসের দারুণ গোলে টটেনহ্যাম এগিয়ে গেলেও জ্যাক রুডোনির গোলে সমতায় ফেরে কোভেন্ট্রি। এরপর ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা ওমর মারমুশ ও বেন ডেভিসের গোলে জয় নিশ্চিত করে স্পার্সরা। ৫৩৬ দিন পর প্রথমবার একাদশে নেমে গোল পান জেমিস ম্যাডিসন। এছাড়া মে মাসের পর গুরুতর চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে ফেরেন ডেজান কুলুসেভস্কি। শিষ্যদের ফেরা প্রসঙ্গে ডি জার্বি বলেন, ‘ওদের ব্যক্তিত্ব ও অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। ড্রেসিংরুমে এখন অন্যরকম এক ইতিবাচক আবহ তৈরি হয়েছে।’

এদিকে পরাজয়ের পর কোভেন্ট্রি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দলের লড়াকু মানসিকতার প্রশংসা করলেও মারমুশের গোল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, মারমুশের কনুইয়ের আঘাতের বিষয়টি ভিএআর-এ বাতিল হওয়া উচিত ছিল। তবে সামগ্রিক পারফরম্যান্সে আশাবাদী ল্যাম্পার্ড বলেন, ‘এটি একটি দারুণ লড়াই ছিল। ৩-১ ব্যবধানে হারলেও দল হিসেবে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছি।’