‘দাভোস ইন দ্য ডেজার্ট’ বাতিল করল সৌদি আরব

‘দাভোস ইন দ্য ডেজার্ট’ বাতিল করল সৌদি আরব

ফন্ট সাইজ:

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলন (দাভোস ইন দ্য ডেজার্ট) আগামী বছর পর্যন্ত স্থগিত করেছে সৌদি আরব। হুতিদের মারাত্মক হামলার মুখে এ সিদ্ধান্ত নিলো দেশটি। পাশাপাশি সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। অফিশিয়াল ওয়েবসাইটের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

বার্ষিক এই অনুষ্ঠানটি আগামী ২৬শে অক্টোবর শুরু হয়ে ২৯শে অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। আগামী বছরের নতুন তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে মঙ্গলবারের ওই বিবৃতিতে বলা হয়েছে। এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মাহা বিনতে মিশারি আল সৌদ জানান, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, যেহেতু এটি আমাদের ঐতিহাসিক দশম আসর, তাই আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কমিউনিটি যেমনটি প্রত্যাশা করে এবং তাদের যা প্রাপ্য, ঠিক সেই মাত্রার অসাধারণ মান ও প্রভাব যেন এই আয়োজনে থাকে।

দাভোস ইন দ্য ডেজার্ট কি?
সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার আদলে এই সম্মেলনটি অনানুষ্ঠানিকভাবে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত। হাইড্রোকার্বনের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার জন্য শত শত কোটি ডলার বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে রাষ্ট্র-সমর্থিত এই সম্মেলনের আয়োজন করা হয়।

এফআইআই ওয়েবসাইটের তথ্যমতে, এবারের সম্মেলনে সম্ভাব্য বক্তাদের মধ্যে ছিলেন অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও সিইও ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও সিইও লরেন্স ফিঙ্ক। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরানপন্থি হুতিদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লড়াই তীব্র হয়েছে। আনসারাল্লাহ নামে পরিচিত হুতিরা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন সামরিক, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং শত শত মানুষ আহত হন।