দেশটাকে সুন্দর করার যে স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন করতে হবে: খাদ্যমন্ত্রী

দেশটাকে সুন্দর করার যে স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন করতে হবে: খাদ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা সনাতনী ধর্মের মানুষজনের উদ্দেশ্যে বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের পাশে ছিলেন। তাদেরই উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানও আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের দুঃখ-দুর্দশা দূর করার জন্যই তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন। গতকাল বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিগত সময়ের ইতিহাস টেনে মন্ত্রী বলেন, বিগত সময়ে আপনারা যা পেয়েছেন— তার থেকে এবার আপনারা অনেক বেশি পাচ্ছেন। যেটা হলো— আগে প্রতিটি পূজামণ্ডপে আপনারা ৫০০ কেজি চাল পেতেন, সেখানে এবার আপনারা ৬০০ কেজি চাল পাচ্ছেন। এবং প্রত্যেকটা মণ্ডপে ৪ লাখ ৪১ হাজার টাকা দেয়া হয়েছে, যা ইতিমধ্যে বিতরণ করা হয়ে গেছে। সনাতনী সম্প্রদায়ের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, আমার ও দলের পক্ষ থেকে অনুরোধ থাকবে— আপনারা প্রধানমন্ত্রীর এই আন্তরিকতাকে ধরে রাখার চেষ্টা করবেন। দেশের স্বার্থে, আপনাদের স্বার্থে এবং নিজের এলাকার স্বার্থে সরকারের পাশে এসে দাঁড়াবেন, যাতে আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করার যে স্বপ্ন দেখছি, তা বাস্তবায়ন করতে পারি। অনুষ্ঠান শেষে মন্ত্রী সাটুরিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতনী সম্প্রদায়ের লোকজনের খোঁজখবর নেন।