আশুলিয়ায় গ্যারেজ থেকে পিস্তল-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ায় আউকপাড়ায় একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো— সৈয়দ আলভী (৩০), মো. মামুন (৩৪) ও জহিরুল (২৭)। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ বিভিন্ন অপরাধে মোট নয়টি মামলা রয়েছে। গতকাল দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম।

এর আগে গত রোববার বিকালে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলভী আউকপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদের ছেলে, মামুন উত্তর আউকপাড়া এলাকার মেছের হাওলাদারের ছেলে এবং জহিরুল পটুয়াখালীর বাউফল থানার নওমালা এলাকার শহিদুলের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় আমাদের নিয়মিত অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রটি কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে তাদের কাছে রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।