দিনাজপুরে দুই শিশুসহ গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক ৩

ফন্ট সাইজ:

দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশু সন্তানসহ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার সন্ধ্যার দিকে উপজেলার জুগিরডাঙ্গা মাঠের পূর্ব পাশে মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে চিরিরবন্দর থানায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উদ্ধার মৃতদেহগুলো উপজেলার বালুপাড়া এলাকার শাকিল ইসলাম (২৬)-এর স্ত্রী স্বর্ণা আক্তার (২৪), তাদের ছেলে সাফায়েত (৪) ও নয় মাস বয়সী মেয়ে রইফা মণি। গৃহবধূর শ্বশুর মাহাতাব উদ্দিন জানান, কাজ শেষে সন্ধ্যার পর বাড়িতে ফিরে ছেলের বউ, নাতি-নাতনির কারও কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। পরে অনেক ডাকাডাকি করেও না পেয়ে বেড়া দরজা ভেঙে স্বর্ণার মরদেহ নামিয়ে আনি। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসে। মৃত গৃহবধূর মা আনজু আরা বলেন, জামাই ফোনে জানায় স্বর্ণা সন্তানগুলোকে মেরে নিজে আত্মহত্যা করেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুর আমিন শাহ বলেন, তাদের ঘরের দেয়ালে লেখা ছিল, আজ থেকে এ গল্প শেষ। আমি অভাগি মা। বাবা-মা সরি। আই লাভ ইউ চিহ্ন ছিল। জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আলামত সংগ্রহ করে সুরতহাল তৈরি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী, শ্বশুর মাহাতাব উদ্দিন ও শাশুড়ি রহমত আলা তারা বিবিকে হেফাজতে নেয়া হয়েছে। মরদেহগুলোর ময়নাতদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যাবে। এ ব্যাপারে চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন-নবী বলেন, ওই গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করলে মামলাটি রুজু করা হয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত ও অনুসন্ধান অব্যাহত।