জিমি-আমিরুলরা ঢাকা ছাড়বেন শুক্রবার

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি

জিমি-আমিরুলরা ঢাকা ছাড়বেন শুক্রবার

ফন্ট সাইজ:

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আগামী ২৩শে অক্টোবর ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল। ইতিমধ্যে ভিসা প্রসেসিং এর কাজ সমাপ্ত করেছে ফেডারেশন। দুই-একদিনের মধ্যে প্লেয়ারদের ভিসা হাতে পাওয়ার কথা রয়েছে।
ভারতে হতে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাহফে। ঘোষিত দলে নতুন মুখ তৈয়ব আলী, আবদুল্লাহ ও আবেদ আলী। দল থেকে বাদ পড়েছেন দ্বীন ইসলাম ইমন, শাহিদুর রহমান সাজু। আর মাইনুল ইসলাম কৌশিক এশিয়ান গেমস খেলে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন।

টুর্নামেন্ট নিয়ে ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘ভিসা প্রসেসিং এর কাজ শেষ। দ্রুতই ভিসা পেয়ে যাবেন প্লেয়াররা। ২৩ তারিখ আমরা ভারতের উদ্দেশে রওনা দেবো।’ পাকিস্তান টুর্নামেন্টে খেলতে অস্বীকৃতি জানানোয় ছয় দলের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এ সুযোগ কাজে লাগাতে পারে সেটা নিয়ে তৈরি হয়েছে সংশয়। চারদিন আগে সহকারী কোচ শহীদুল্লাহ টিটুর অধীনে প্রস্তুতি ক্যাম্প শুরু করেন প্লেয়াররা। হেড কোচ পিটার গেরহার্ড ভিসা জটিলতায় ক্যাম্পে যোগ দেন একদিন পর। নিজেদের থেকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এখন পর্যন্ত কোনো প্রস্তুতি ম্যাচ খেলার নিশ্চয়তা দিতে পারেনি ফেডারেশন।

এ নিয়ে আরিফুল হক প্রিন্স বলেন, ‘ টুর্নামেন্টে খেলা দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।’ আগামী ২৭শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর ভারতের জলন্ধর ও মোহালিতে হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী দিন সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৯শে অক্টোবর জাপান, ৩০শে অক্টোবর মালয়েশিয়া, ১লা নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২রা নভেম্বর চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। লীগ পর্ব শেষে ৪ঠা নভেম্বর সেমিফাইনাল এবং ৫ই নভেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

১৮ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ হকি দল: আশরাফুল হক, বিপ্লব কুজুর, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, রোমান সরকার, তৈয়ব আলী, খালেদ মাহমুদ রাকিন, আবদুল্লাহ, রকিবুল হাসান (রকি), পুষ্কর খিসা মিমো, ফরহাদ আহমেদ শিটুল, মাহবুব হোসেন, ওবায়দুল হোসেন জয়, আশরাফুল ইসলাম, আবেদ উদ্দিন ও রাসেল মাহমুদ (জিমি)।