জরিমানা গুনলো বাংলাদেশ দল

জরিমানা গুনলো বাংলাদেশ দল

ফন্ট সাইজ:

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে স্লো ওভার-রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। বাংলাদেশ নির্দিষ্ট সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১ ওভার পিছিয়ে ছিল। ফলে ম্যাচ শেষে আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ (যা সর্বনিম্ন ওভার-রেট সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য) অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়।

বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয় অপরাধ স্বীকার করে নিয়ে প্রস্তাবিত শাস্তি মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারে বাংলাদেশ। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ৩৮ বলে ৪৬ রান করা তানজিদ হাসানের বিদায়ের পর আর কেউই ইনিংস বড় করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটিই হার বাংলাদেশের। টাইগারদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। ২১শে অক্টোবর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।