শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১ম শ্রেণির ছাত্রী এক শিশুকে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পোরজোনা ইউনিয়নের চরবাচরা নতুনপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আসামির বাড়িঘর ভাঙচুর করেছে।

জানা যায়, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় আব্দুর রহমানকে আসামি করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুর রহমান একই গ্রামের মৃত এশারত আলীর ছেলে। এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত আব্দুর রহমান ও তাদের বাড়ি একই গ্রামে পাশাপাশি হওয়ায় স্কুলে যাওয়া-আসার পথে তিনি দীর্ঘদিন ধরে শিশুটিকে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পূর্বে একাধিকবার আসামি ও তার পরিবারকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি। অভিযোগে আরও বলা হয়, গত ১৩ই অক্টোবর বিকালে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় আসামি ফুসলিয়ে তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে শ্লীলহানির চেষ্টা চালানো হয়। পরবর্তীতে শিশুটি রাজি না হলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে জখম করে। শিশুর চিৎকারে আসামি তাকে ছেড়ে দিলে সে দৌড়ে বাড়ি পালিয়ে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামিকে গতকাল সোমবার সকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এদিন সকালে আসামির বাড়িঘরে ভাঙচুর করে।