নেত্রকোণার দুর্গাপুরে আলোচিত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলার সন্দেহভাজন আসামি সাজিবুল ইসলাম অপূর্ব (২৪) কে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল দুর্গাপুর উপজেলার চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজার পুরাতন সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক আলিফ গত বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুরের তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে একটি চা দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
