নিউ ইয়র্কে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত

নিউ ইয়র্কে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন। বর্ণাঢ্য এ আয়োজনে সাংবাদিকতা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন এবং উপস্থাপক ও সাংবাদিক মাইনুল ইসলাম। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক মাইনুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তার হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা। পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পান বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদ।

এ ছাড়া, উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেয়া হয় মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন খান মঈনকে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির কণ্ঠে দ্বৈত সংগীত পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিশিষ্ট সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান, বাংলাদেশ-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, ব্যবসায়ী এবং বিভিন্ন অঙ্গনের অতিথিরা।