নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে রিপন নামে এক ওয়ার্ড যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় নিহতের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার পাইস্কা এলাকার মহিবুল্লার ছেলে। তিনি ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রিপনের সঙ্গে স্থানীয় কাজীবাড়ী এলাকার যুবদল নেতা রিফাত কাজী ও ছাত্রদল নেতা তানভীর কাজীর বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এক সপ্তাহ আগে ওয়াজ মাহফিলে নাম দেয়া নিয়ে তাদের সঙ্গে পুনরায় কলহ তৈরি হয়।
গত রোববার রাতে তিনি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে ১২টার পর বাড়িতে ফিরে আসেন। এদিকে আগে থেকে ওঁৎপেতে থাকা কাজী বাড়ির রিফাত কাজী ও তানভীর কাজীর নেতৃত্বে ১০-১২জন তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘাতকরা। পরে লোকজন উদ্ধার করে রিপনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
