কানাডার আলবার্টা প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে ভয়াবহ আগুনে চারজন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন, যাদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে কানাডার মাটিতে শান্তিকালীন সময়ে সামরিক বাহিনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
শনিবার আলবার্টার কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েইনরাইটে উন্মুক্ত স্থানে সামরিক বাহিনীর মহড়া চলছিল। সে সময় হঠাৎ একটি দাবানল দ্রুতবেগে সেখানে ছড়িয়ে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার কানাডার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সামরিক ঘাঁটিতে একটি দুর্ঘটনার পর বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে এবং বিপুলসংখ্যক আহত মানুষকে হাসপাতালে সরিয়ে নেয়া হচ্ছে। পরবর্তীতে রোববার অটোয়ায় পার্লামেন্ট হিলে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মার্ক কার্নি আনুষ্ঠানিকভাবে হতাহতের এই পরিসংখ্যান নিশ্চিত করেন। রোববারও সিএফবি ওয়েইনরাইট এবং শহরের দক্ষিণাংশে পুড়ে যাওয়া বিস্তীর্ণ এলাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার কাজ করছিলেন।
