কুয়েতের মোট গৃহকর্মীর ৮৬ দশমিক ১ শতাংশই বাংলাদেশ সহ এশিয়ার চারটি দেশের নাগরিক। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইন। কুয়েতে কাজ করা এই চারটি দেশের মোট গৃহকর্মীর সংখ্যা ৭ লাখ ৬০ হাজার ৭৪৪। কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে শ্রীলঙ্কার অনলাইন ডেইলি মিরর। পরিসংখ্যান অনুযায়ী, কুয়েতের গৃহকর্মীদের মধ্যে সবচেয়ে বড় অংশ ভারতের নাগরিক। দেশটির মোট ৩ লাখ ৪৪ হাজার ৫৩২ জন গৃহকর্মী কুয়েতে কর্মরত, যা দেশটির মোট গৃহকর্মীর প্রায় ৩৯ শতাংশ। এ হিসাবে অন্য দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে রয়েছে ভারত।
গৃহকর্মীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। দেশটির ১ লাখ ৫৭ হাজার ৯০১ জন নাগরিক কুয়েতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন, যা মোট গৃহকর্মীর ১৭ দশমিক ৯ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন। দেশটির ১ লাখ ৫১ হাজার ৩৬৯ জন নাগরিক কুয়েতে গৃহকর্মী হিসেবে নিয়োজিত, যা মোট সংখ্যার ১৭ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটির ১ লাখ ৬ হাজার ৯৪২ জন নাগরিক কুয়েতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন। মোট গৃহকর্মীর ১২ দশমিক ১ শতাংশ বাংলাদেশের নাগরিক। পরিসংখ্যান অনুযায়ী, কুয়েতের প্রতি ১০ জন গৃহকর্মীর মধ্যে আটজনেরও বেশি এই চার দেশের নাগরিক। বাকি ১৩ দশমিক ৯ শতাংশ বা প্রায় ১ লাখ ২২ হাজার ৫৬৪ জন গৃহকর্মী অন্যান্য দেশের নাগরিক। প্রকাশিত পরিসংখ্যান থেকে বোঝা যায়, কুয়েতের গৃহকর্মী খাতে অল্প কয়েকটি দেশের নাগরিকদের প্রাধান্য রয়েছে। এ খাতে কর্মরত প্রতি ১০ জনের মধ্যে প্রায় চারজনই ভারতীয়। অন্যদিকে, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের নাগরিকদের অংশ প্রায় কাছাকাছি হলেও সংখ্যার দিক থেকে শ্রীলঙ্কানরা এগিয়ে রয়েছেন।
কুয়েতের মোট গৃহকর্মীর ৮৬.১ ভাগই বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশের
মানবজমিন ডেস্ক
১৯ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
