ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন

ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন অব পপুলেশন সায়েন্সেসের (ডুয়াপস) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ডুয়াপস গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬’। শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ পুনর্মিলনীতে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় স্মৃতিচারণ, পারস্পরিক মতবিনিময় ও আনন্দ-উৎসবের মিলনমেলায়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনীর আহ্বায়ক আইরিন আখতার। এরপর ডুয়াপসের কার্যক্রম নিয়ে অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ড. এ কে এম মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ও ডুয়াপসের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আবু হাসানাত মো. কিশোয়ার হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. তসলিম উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডুয়াপসের সাধারণ সম্পাদক শাফায়াত সুলতান।
পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ ছিল বিভাগের শিক্ষক ও অ্যালামনাইদের অংশগ্রহণে ‘ফ্যাকাল্টি-অ্যালামনাই ইন্টারঅ্যাকশন সেশন’। এ পর্বে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পপুলেশন সায়েন্সেস বিভাগের অগ্রযাত্রা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং শিক্ষক-অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতি, স্মৃতিচারণ, পুনর্মিলনী, কেক কাটা, দলীয় ছবি তোলা এবং মধ্যাহ্নভোজের আয়োজন। বিকালে ‘অ্যালামনাই মেমোরিজ অ্যান্ড ওপেন মাইক’ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণী এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনের শেষপর্বে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের অনানুষ্ঠানিক আড্ডা, আলোকচিত্র ধারণ ও পারস্পরিক কুশল বিনিময়ের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।