তুরস্কের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি নতুন করে বাড়তে শুরু করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেশভিত্তিক রপ্তানির হিসাব বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে তুরস্কে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৪ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৬ কোটি ৫৭ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ১২৩.১৪ শতাংশ। শুধু পোশাক নয়, তুরস্কে বাংলাদেশের সব ধরনের পণ্য রপ্তানিও এই সময়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশটিতে মোট রপ্তানি হয়েছে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলারের পণ্য। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। প্রবৃদ্ধি হয়েছে ১০০.১১ শতাংশ। তুরস্কে বাংলাদেশের রপ্তানি বাড়ার এই হার জাতীয় রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি।
ইপিবি’র হিসাবে, এই সময়ে বাংলাদেশের সামগ্রিক পণ্য রপ্তানি থেকে আয় বেড়েছে ৬.৩৪ শতাংশ। জুলাই-সেপ্টেম্বর সময়ে আয় হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ১ হাজার ২৩১ কোটি ডলার ছিল।
রপ্তানিকারকদের মতে, তুরস্কের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ার সম্ভাবনা কাজে লাগানো গেলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব। চলতি অর্থবছরেই তুরস্কে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি ১০০ কোটি ডলারে উন্নীত হতে পারে। তবে এ লক্ষ্য অর্জনে পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যের রপ্তানিও বাড়াতে হবে বলে মনে করেন তারা।
তুরস্ক বাংলাদেশের জন্য নতুন কোনো বাজার নয়। দীর্ঘদিন ধরে দেশটিতে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশ। একসময় শুল্কমুক্ত সুবিধার কারণে তুরস্ক বাংলাদেশের পোশাকের গুরুত্বপূর্ণ বাজার ছিল। তবে শুল্কনীতিতে পরিবর্তনের পর সেখানে বাংলাদেশের রপ্তানি বড় ধাক্কা খায়।
ইপিবি’র তথ্য মতে, ২০১৩-১৪ অর্থবছরে তুরস্কে পণ্য রপ্তানি করে বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি আয় হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে তুরুস্কে পণ্য রপ্তানি বাড়ছে।
তুরস্কে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ার সম্ভাবনা কীভবে তৈরি হলো, এ বিষয়ে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, তুরস্কে জীবনযাত্রার মান ও আয় বেড়ে যাওয়ায় দেশটির শ্রমিকরা ধীরে ধীরে তৈরি পোশাকশিল্প থেকে সরে আসছেন। ফলে স্থানীয় উৎপাদনে এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। সেই ঘাটতি পূরণে বিদেশি পোশাকের চাহিদা বাড়ছে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য তুরস্ক এখন সম্ভাবনাময় বাজার হিসেবে সামনে এসেছে। বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের মান, প্রতিযোগিতামূলক দাম ও সময়মতো সরবরাহের সক্ষমতা কাজে লাগিয়ে এ বাজারে আরও বেশি প্রবেশের সুযোগ রয়েছে।
তবে এ সুযোগ কাজে লাগাতে শুধু প্রচলিত পোশাক রপ্তানির ওপর নির্ভর করে থাকলে চলবে না বলে মনে করেন ফজলে শামীম। তার মতে, উচ্চমূল্যের পোশাক, কৃত্রিম তন্তু ও কারিগরি বস্ত্রের মত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি পণ্যের বৈচিত্র্য এবং মূল্য সংযোজনেও গুরুত্ব দিতে হবে। ফজলে শামীম বলেন, পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, জুতা এবং অন্যান্য সম্ভাবনাময় পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে। তুরস্কের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে হবে। ফজলে শামীম বলেন, নতুন করে যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা কাজে লাগাতে পারলে চলতি অর্থবছরেই তুরস্কে আমাদের মোট রপ্তানি এক বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব। এজন্য সরকার ও বেসরকারি খাত একযোগে কাজ করতে হবে।
তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিচ্ছে বর্তমান বিএনপি সরকার। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বস্ত্র খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারের বিষয়টি আলোচনায় এসেছে।
বৈঠকে বাংলাদেশে কৃত্রিম তন্তু ও কারিগরি বস্ত্র খাতে যৌথ বিনিয়োগ, তুরস্ক থেকে কাঁচামাল ও আধুনিক বস্ত্রযন্ত্র আমদানি এবং দ্রুত পণ্য পরিবহনে টার্কিশ এয়ারলাইনস ও ইস্তাম্বুল বিমানবন্দরের সরবরাহব্যবস্থা ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফরের সময় দুইদেশের বাণিজ্য ১৩০ কোটি ডলার থেকে ২০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার আগ্রহের কথা আলোচনা হয়। বাণিজ্য সম্প্রসারণে আরও অনুকূল কাঠামো তৈরির বিষয়েও আলোচনা হয় সে সময়।
ইপিবি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফও তুরস্কে রপ্তানি বৃদ্ধির প্রবণতাকে ইতিবাচক হিসেবে দেখছেন।
তিনি বলেন, এটা আমাদের জন্য খুবই খুশির খবর যে, তুরস্কে আমাদের রপ্তানিতে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। রপ্তানি বাড়ার এই প্রবণতা ধরে রাখতে পণ্যভিত্তিক রপ্তানি সক্ষমতা ও ক্রেতাদের চাহিদা বিশ্লেষণ করে নতুন সুযোগ কাজে লাগাতে হবে। প্রচলিত পণ্যের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, জুতা এবং অপটিক্যালস, চিকিৎসা ও বস্ত্রশিল্পের সরঞ্জামের মত সম্ভাবনাময় পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি।
