নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নতুন নাটক করছে: রিজভী

ফন্ট সাইজ:

নিজের দলের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা আড়াল করতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নামে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশ যখন নানা সংকটের মধ্যদিয়ে যাচ্ছে, তখন গঠনমূলক ভূমিকা না রেখে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় মেতে উঠেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) উদ্যোগে দেশ জুড়ে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, কাগজ খুললেই দেখা যায় বিরোধী দলগুলোর কেবল ‘নাই নাই’ জিকির। দেশের উন্নয়ন বা জনগণের কল্যাণে তাদের কোনো নজর নেই। নিজেদের দলীয় দ্বন্দ্ব ঢাকতেই তারা রাজপথে নামার নতুন নতুন বাহানা খুঁজছে এবং নানা কর্মসূচির নাটক সাজাচ্ছে। স্বৈরাচারী শাসনের পরিণতি উল্লেখ করে তিনি বলেন, অন্যায় ও অপশাসন চালিয়ে কোনো শাসকই শেষ রক্ষা করতে পারে না। ইতিহাস সাক্ষী, জনগণের রাজপথে উত্থান হলে অপরাধী শাসকদের পালিয়ে যেতে হয়। এ দেশেও জোর করে ক্ষমতায় থাকা স্বৈরাচারী শক্তিকে পালিয়ে যেতে হয়েছে।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, দেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। এই উৎসব যাতে সর্বোচ্চ নিরাপত্তা, ভাবগাম্ভীর্য ও শান্তির মধ্যে উদ্‌যাপিত হতে পারে, সেজন্য বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার কঠোর নির্দেশ দেয়া হয়েছে। সারা দেশেই দলীয় প্রতিনিধিরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন যাতে সনাতন ধর্মের ভাইয়েরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন।

আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, কোনো অন্যায় পার পাবে না। বেইমানি ও হত্যার রাজত্ব এ দেশে আর হতে দেয়া হবে না। আইন ও আদালতের মাধ্যমে সব অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এর আগে গতকাল রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী।