একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কারের উল্টো পথে যাত্রা এবং সংস্কারকে ভেস্তে দেয়ার নামান্তর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। এই কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন তিনি। গতকাল বাংলামোটরে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আখতার হোসেন।
বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি’র সদস্য সচিব বলেন, আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করে খুব বেশিদিন আপনাদের কার্যক্রমকে এগিয়ে নিতে পারবেন না। হয়তো টু-থার্ডস মেজরিটি আপনাদের আছে। যার শক্তিতে আপনারা ভাবছেন, সংবিধান আপনারা সংশোধন করবেন। কিন্তু জনগণের রায় যেখানে থাকে না, সেখানে টু-থার্ডস মেজরিটি কোনোভাবেই অগ্রসর হতে পারে না।
আখতার হোসেন বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কারের উল্টো পথে যাত্রা এবং সংস্কারকে ভেস্তে দেওয়ার একটা নামান্তর। সে কারণেই এনসিপি এই সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ করবে না। আমাদের বার বার আহ্বান জানানো হয়েছে, কিন্তু আমরা এই কমিটিতে অংশগ্রহণ করবো না।
তিনি বলেন, এই সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সরকার যাতে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে, সেই দাবিটা আমরা সরকারের কাছে আবারো ব্যক্ত করতে চাই।
সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এনসিপি’র সদস্য সচিব আরও বলেন, দুর্ভাগ্যের বিষয়, আমরা সরকারের তরফ থেকে নানা ধরনের কথা শুনি। তারা সংস্কার বাস্তবায়ন করবে, সংস্কারের জনক-এ ধরনের নানা কথা তাদের মুখে শুনি। কিন্তু ১৯৯০ সালে তিন জোটের রূপরেখার পর তারা ক্ষমতায় এসেছিলেন। তখন তারা সেই তিন জোটের রূপরেখা বাস্তবায়ন করতে চাননি।
তিনি বলেন, তারা যে সেটা বাস্তবায়ন করতে চাননি, তখন জাতির কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল। বিএনপি’র মধ্যে বিষয়টি রয়ে গেছে যে, তারা ১৯৯০ সালের পর যেমন তিন জোটের রূপরেখা বাস্তবায়ন করতে চায়নি, তেমনি জুলাইয়ের সংস্কারগুলোও বাস্তবায়ন করতে চাইবে না।
সংবাদ সম্মেলনে ১৭ই অক্টোবরের তাৎপর্য তুলে ধরে এনসিপি’র এই সংসদ সদস্য বলেন, এই দিনে জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছিল। এই দিনে আমরা সরকারের কাছে স্পষ্টভাবে বার্তা দিতে চাই, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন।
তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের সাংবিধানিক কাঠামো পরিবর্তন করে একটি নতুন গণতান্ত্রিক রূপান্তরের দিকে আমরা যাতে অগ্রসর হতে পারি, সে ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। আর যদি আপনারা ব্যর্থ হন, বাংলাদেশের জনগণ অবশ্যই এর বিহিত করে ছাড়বে। আমরা সরকারের কাছে এই উদাত্ত আহ্বান জানাই।
এনসিপি’র পক্ষ থেকে তিন দফা দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। দাবিগুলো হলো- অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে; একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি যাবে না। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান।
এ সময় এনসিপি’র রাজনৈতিক পর্ষদ সদস্য এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক উপস্থিত ছিলেন।
