ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলী খানমের পদত্যাগ

ফন্ট সাইজ:

ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলী খানম পদত্যাগ করেছেন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শনিবার তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে থেকে সলিসিটরের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে শিউলী খানম মানবজমিনকে বলেন, আমি সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করি। কিন্তু ডিএজি হিসেবে দায়িত্ব পালনের কারণে ব্যক্তিগত মামলাগুলোতে সময় দিতে পারছিলাম না। এসব বিবেচনা করে আমি ডিএজি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেই।

পদত্যাগের মধ্যদিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা নতুন করে সামনে এসেছে। এর আগে গত ২১শে সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন। এরও আগে গত ৯ই সেপ্টেম্বর পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা। গত ৭ই সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন পাঁচ আইন কর্মকর্তা। তারা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

এ ছাড়া সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত জুন মাসে সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ওই সময় পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।