ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ ও দল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের দুটি প্রীতি ম্যাচ এবং খেলোয়াড় ছাড়ার বিষয়ে ইন্ডিয়ান সুপার লীগের (আইএসএল) ক্লাবগুলোর অনাগ্রহে জটিলতায় পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। বর্তমান চ্যাম্পিয়নদের শেষ পর্যন্ত কোন দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যাবে, তা এখনো নিশ্চিত নয়। এমনই খরব দিয়েছে ইন্ডিয়া টুডে। আগামী ৪ থেকে ১৭ই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। ভারতের লক্ষ্য রেকর্ড দশমবারের মতো শিরোপা জয়। গ্রুপ ‘বি’-তে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান। ৫ই নভেম্বর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের অভিযান শুরুর কথা। কিন্তু একই সময়ে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ভারতের জাতীয় দলের। সেখানে ১২ই ও ১৫ই নভেম্বর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে তারা।
এ ম্যাচগুলোকে গুরুত্ব দিচ্ছে ভারত। ফলে সাফে নিয়মিত জাতীয় দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় ও রিজার্ভদের নিয়ে দল গঠনের পরিকল্পনা করছে তারা। সমস্যা তৈরি হয়েছে আন্তর্জাতিক সূচি নিয়ে। ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৯ই নভেম্বর, চলবে ১৭ই নভেম্বর পর্যন্ত। অথচ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে তার আগেই। আন্তর্জাতিক উইন্ডোর বাইরে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। ফলে প্রতিযোগিতার শুরুর ম্যাচগুলোর জন্য প্রয়োজনীয় খেলোয়াড় সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে এআইএফএফের। আইএসএলের মৌসুম চলমান থাকায় ক্লাবগুলোও তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়তে অনাগ্রহী। এতে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পরিকল্পনাও বাধার মুখে পড়তে পারে। কারণ, বয়সভিত্তিক দলের জন্য বিবেচিত অনেক ফুটবলারই নিজ নিজ ক্লাবের হয়ে লীগে খেলছেন। আরেকটি প্রশ্ন রয়েছে-সাফ কর্তৃপক্ষ অনূর্ধ্ব-২৩ দলকে অংশগ্রহণের অনুমতি দেবে কি না। প্রতিযোগিতাটি ফিফার টায়ার-১ আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়ায় এর ফল ফিফা র্যাঙ্কিংয়েও প্রভাব ফেলতে পারে। ফলে বিকল্প দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে এআইএফএফকে বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে।
সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি নিয়েও রয়েছে তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট। ভারতকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে টুর্নামেন্টটি সেপ্টেম্বর থেকে নভেম্বরে সরিয়ে নেয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে নিউজিল্যান্ড সফরের সূচি যুক্ত হওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এদিকে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এআইএফএফ বলে নিশ্চিত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। গতকাল সাফ এক বিবৃতিতে সেই খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। তারা জানায় ভারতের সরে দাঁড়ানোর কোনো বার্তা আসেনি। ঘোষিত ছয় দলকে নিয়েই নির্ধারিত সময়ে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। তবে সাফের বক্তব্যে ভারতের অংশগ্রহণের কথা বলা হলেও দল নিয়ে প্রশ্নের উত্তর মিলছে না। সব মিলিয়ে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ ও দল গঠন- দুটিই এখন অনিশ্চয়তার মধ্যে। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা পূর্ণশক্তির দল পাঠাবে, নাকি অনূর্ধ্ব-২৩ ও রিজার্ভ খেলোয়াড়দের ওপর নির্ভর করবে, তা জানতে অপেক্ষা করতে হবে এআইএফএফের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য।
