ইংল্যান্ড জাতীয় কাবাডি দলের অধিনায়ক রাজনগরের মেয়ে আনিসা খান

ইংল্যান্ড জাতীয় কাবাডি দলের অধিনায়ক রাজনগরের মেয়ে আনিসা খান

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের রাজনগরের মেয়ে আনিসা খান এখন ইংল্যান্ড কাবাডি দলের অধিনায়ক। উচ্ছ্বসিত প্রকাশ করে আনিসা খান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- ‘আমি আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড মহিলা কাবাডি দলের অধিনায়ক। ২০১৭ সালে সম্পূর্ণ নতুন হিসেবে আমার বিশ্ববিদ্যালয়ের কাবাডি সোসাইটিতে যোগ দিয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে একটি নতুন খেলা আমাকে এখানে নিয়ে আসবে।’ নিজে একজন কনসালটেন্ট ও ব্যাবসায়ী হয়েও সামলে যাচ্ছেন আন্তর্জাতিক সব কাবাডি খেলা। আগামি ২৩শে অক্টোবর ভারতের আহমেদাবাদে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আর এতে ইংল্যান্ড মহিলা কাবাডি জাতীয় দলের অধিনায়ক হিসেবে তার নতুন অধ্যায় শুরু হবে। আনিসা খানের পরিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনিসা খানের বাবা রাজনগর উপজেলার আকুয়া গ্রামের ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানেই জন্ম আনিসার।

তিনি চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। আনিসা খান ২০১৭ সালে সম্পূর্ণ নতুন হিসেবে নিজের বিশ্ববিদ্যালয়ের কাবাডি সোসাইটিতে যোগ দেন। পরে ইংল্যান্ড মহিলা কাবাডি দলে যোগ দেন। ২০২৪ সালের ইউরোপীয় বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপ দলের অংশ ছিলেন আনিসা। ওই আসরে ইংল্যান্ড চ্যাম্পিয়ন ও পোল্যান্ড রানার্সআপ হয়। আনিসা খান খেলার পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও বটে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনৈতিক উন্নয়নে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং আন্তর্জাতিক পরামর্শক সংস্থা অ্যাকসেঞ্চারে কর্মজীবন শুরু করেন। চাকরির পাশাপাশি শুরু করেন ব্যবসাও। আনিসা খান কোভিড-১৯ মহামারীর সময় ‘বোম্বে পিৎজা’ নামক ব্যাবসা প্রতিষ্ঠা করেন।

২০২৫ সালে বিবিসি ওয়ান-এর জনপ্রিয় ব্যবসায়িক রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশগ্রহণের পর আনিসা যুক্তরাজ্যে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি এই প্রতিযোগিতায় রানার-আপ হয়ে বৃটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের কাছ থেকে আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক বিনিয়োগ পান। আনিসা খান ব্যবসা সামলানো এবং টেলিভিশন অনুষ্ঠানেও অংশগ্রহণ করতেন। ব্যস্থতা থাকা সত্ত্বেও আনিসা কখনো কাবাডি থেকে দূরে সরে যাননি। আনিসা খান নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি এলএসই থেকে স্নাতক হয়েছি, অ্যাকসেঞ্চারে কাজ করেছি, বোম্বে পিৎজা তৈরি করেছি এবং ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছি। জীবন আমাকে নানা দিকে নিয়ে গেছে, কিন্তু এই সবকিছুর মধ্যে কাবাডি সবসময় আমার পাশে ছিল। ইংল্যান্ড প্রবাসী রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান খান বলেন, আনিসা খান আমাদের গর্ব। তার কল্যাণে বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জল হবে। বয়ে আনবে সম্মান। আমি তার উজ্জল ভবিষ্যত কামনা করছি।