ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন ভ্যান্স

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন ভ্যান্স

ফন্ট সাইজ:

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের সাবেক মুখপাত্র শন স্পাইসারের সঞ্চালনায় একটি রাজনৈতিক টকশোতে অংশ নেন ভ্যান্স। সেখানে রাজনৈতিক ধারাভাষ্যকার ও ট্রাম্পের সাবেক মিত্র টাকার কার্লসনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, এমনকি আপনি যদি ওই একটি বিষয়ে তার (ট্রাম্পের) সঙ্গে দ্বিমত পোষণ করেন, তবে সেই মতবিরোধ আপনার থাকতেই পারে। এবং আমি মনে করি আমারও সেই মতবিরোধ ছিল। রক্ষণশীল মতাদর্শের অনুসারী কার্লসন এই যুদ্ধ নিয়ে ‘ভীষণ ক্ষুব্ধ’ ছিলেন বলে জানান জেডি ভ্যান্স।

তিনি বলেন, তার এবং আমার মধ্যে প্রকাশ্যে ও একান্তে এই বিষয়ে কথা হয়েছে। তিনি কেমন অনুভব করছেন তা আমি জানি এবং আমি সেটা বুঝি। তবে একটি বিষয়ে দ্বিমত থাকলেও অন্যান্য ক্ষেত্রে ট্রাম্পের অবদানের কথা স্মরণ করিয়ে দেন ভ্যান্স। তিনি বলেন, আমি টাকারকে যা বলেছি তা হলো— একটি নির্দিষ্ট কারণে পুরো বিষয়টিকে ছুড়ে ফেলা ঠিক হবে না। সীমান্ত বন্ধ করা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে চলা হাস্যকর জাতিগত বৈষম্যের অবসান ঘটানো কি এই স্বীকৃতি দেয়ার জন্য যথেষ্ট নয় যে, ডনাল্ড ট্রাম্প অনেক ভালো কাজ করেছেন?