তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শনিবার শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দিয়েছে আদালত। একটি শান্তিচুক্তিপত্রে স্বাক্ষর করে মুক্তি পান তিনি। দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভে যাওয়ার ঠিক আগে শুক্রবার আটক করা হয় তাকে। পুলিশের বক্তব্য, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় গ্রেফতার করা হয়েছে দিপকেকে। পরে তাকে বিশেষ এক্সিকিউটিভ আদালতে পেশ করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে খবর, শান্তিভঙ্গ করবেন না বলে ‘পিস বন্ড’-এ সই করার নির্দেশ দেন আদালত। সেই নির্দেশ মেনে নেয়ার পরে শনিবার বিকেলে মন্দির মার্গ থানা থেকে মুক্তি দেয়া হয় দীপকেকে। শুক্রবার ‘তেরঙা যাত্রা’য় যোগ দিতে দিল্লির বাড়ি থেকে বেরনোর মুহূর্তেই তাকে আটক করেছিল পুলিশ। এদিকে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা) নেত্রী নেহা বোরাকেও শুক্রবার বিক্ষোভ জানানোর সময় আটক করা হয়েছিল। সারাদিন ও রাতে হাজতে রাখার পর শনিবার ভোরে তাকে ছেড়ে দেয় পুলিশ।
এর আগে সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গত সোমবার তেরঙা হাতে গেট টপকে যন্তর মন্তরে ঢোকার চেষ্টা করায় তাদের গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহাড় জেলে রয়েছেন। এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে যন্তর মন্তরের অদূরে কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি।
