ঢাকা জেলার প্রধান কোচের দায়িত্ব পাওয়ার এক সপ্তাহ না পেরোতে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভিজ্ঞ কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ছোটন। গতকাল ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিসিবি এসিসি লেভেল-২ সার্টিফায়েড এই কোচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। গত ১০ই অক্টোবর ঢাকা জেলার প্রধান কোচ হিসেবে নিয়োগপত্র পান ছোটন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে বোর্ড।
ছোটন তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন যুক্ত ছিলেন। ২০১১ সালে বিসিবিতে যোগ দেন তিনি। এরপর থেকে বয়সভিত্তিক ক্রিকেটে কোচ হিসেবে নিরলস কাজ করে গেছেন। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে দায়িত্ব পালনের পাশাপাশি যুব ক্রিকেট লীগের(ওয়াইসিএল) বিভিন্ন দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ঢাকা জেলার কোচের দায়িত্ব নেয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবে কাজ করেন ছোটন। সবশেষ বিসিবির ‘রবি বোলার হান্ট’ কর্মসূচির ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে একজন অভিজ্ঞ কোচকে হারাল দেশের ক্রিকেট।
