আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে আফগানিস্তানকে ৩৩ রানে হারায় টাইগার যুবারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫০ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে ২১৭ রান অলাআউট হয় আফগানিস্তান যুব দল। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার আবদুল্লাহ আল মুহি শূন্য রানে ফেরেন। এরপর শেখ জারিফ সিয়াম ৫৩ বলে ৫০ ও আলামিন হোসেন রনি ৪৬ বলে ২৬ রান করে ইনিংস গড়ার চেষ্টা করেন। কিন্তু ২৬.১ ওভারে ১১১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে দলকে টেনে তোলেন রাকিবুল হোসেন ও আহসান আল মুমিন। দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে আসে ১১৭ রান। ৭০ বলে ৫৪ রান করে ৪৮তম ওভারে এলবিডব্লু হন আহসান। রাকিবুল ৭৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৭৯ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। শেষ দিকে ৮ ওভারে ২২ রান যোগ করতে গিয়ে আরও তিন উইকেট হারায় দল। আফগানিস্তানের হয়ে ইমরান মোহাম্মদি ৫৭ রানে ৩ উইকেট নেন। লুতফুল্লাহ মোহাম্মদি ১০ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নেন ২টি। সোহেল খান নেন ১ উইকেট। জবাব দিতে নেমে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন হামজা খান। বাংলাদেশের হয়ে ৩৭ রানে ৫ উইকেট নেন পেসার রুবি
ইসলাম রিজন।
