জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ড শুরু আজ। এ রাউন্ডের কোনো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ। এ কারণে হোম অব গ্রাউন্ডে এনসিএলের তৃতীয় রাউন্ডের কোনো ম্যাচ রাখা হয়নি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর খেলবে সিলেটের বিপক্ষে। আগের দুই রাউন্ডে কোনো দলই জয়ের দেখা পায়নি। দু’দলই দুই রাউন্ডে ড্র করে। সবশেষ পাঁচ দেখায় রংপুরের এক জয়ের বিপরীতে তিনটিতে জয় সিলেটের। একটি ম্যাচ ড্র হয়। কক্সবাজার স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে খেলবে ঢাকা ।
প্রথম দুই রাউন্ডে তারাও জয়ের দেখা পায়নি। দু’লের শেষ পাঁচ ম্যাচের চারটি ড্র হয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম। আগের রাউন্ডে খুলনা ড্র করলেও জয়ের দেখা পায় চট্টগ্রাম। রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে আগের দুই রাউন্ডে হারা বরিশাল খেলবে রাজশাহীর বিপক্ষে। দু’দলের সবশেষে দেখায় রাজশাহীর বিপক্ষে ৫৪ রানে জিতেছিল বরিশাল। দুই রাউন্ড শেষে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম। আর পয়েন্টর খাতা খুলতে না পারা বরিশাল রযেছে তলানিতে।
