পরীমনির কড়া বার্তা

পরীমনির কড়া বার্তা

ফন্ট সাইজ:

সম্প্রতি একটি টিভি চ্যানেলের ইনস্টাগ্রাম আইডি হ্যাক হওয়ার ঘটনা ঘটে। সেই আইডিতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও চিত্রনায়িকা পরীমনির এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মেহজাবীন। এবার এ বিষয়ে কড়া বার্তা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ভিডিওটি ঘিরে সমালোচনা ও বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্যে শুক্রবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় ভিডিওটি ছড়িয়ে পড়া, দায় এড়ানোর চেষ্টা এবং সমালোচনাকারীদের উদ্দেশ্যে নানা মন্তব্য করেন তিনি। ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, কোনো ভুল করার পর শুধু ‘আই অ্যাম সরি’ বলে দায় এড়ানো যায় না। পেজ হ্যাক হওয়ার কথা বলে
পরে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এমন ঘটনা ঘটলে দায় এড়ানোর সুযোগ নেই। ভিডিওটি নিয়ে মামলা ও ব্যবস্থা নেয়ার দাবির প্রসঙ্গেও কথা বলেন পরীমনি। তিনি প্রশ্ন তোলেন, এত আইন ও প্রশাসন থাকার পরও ভিডিওটি দ্রুত সরিয়ে ফেলা সম্ভব হয়নি কেন? ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, অন্য কোনো পেজ থেকে এমন কিছু হলে বিষয়টি তিনি ভিন্নভাবে সামলাতে পারতেন। কিন্তু দায়িত্বশীল ব্যক্তিদের সংশ্লিষ্ট জায়গা থেকে এমন কিছু ঘটলে তার দায়ও সংশ্লিষ্টদের নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। লাইভে সমালোচনাকারীদের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন পরীমনি।

গালিগালাজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাঙালি হিসেবে তিনিও গালি দিতে পারেন। যারা ভিডিওটা দেখেছেন ও মিথ্যা জেনেও ছড়িয়েছেন, তাদের চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন পরীমনি। তবে সকালেই পরীমনি লাইভ ভিডিওটি ডিলিট করে দেন। মুছে দেয়ার বিষয়টিও এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। এদিকে, এ নায়িকার অভিনীত ‘ডোডোর গল্প’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। আর সম্প্রতি একটি ওয়েব ফিল্মের কাজও শেষ করেছেন তিনি। পাশাপাশি নতুন ছবিতে অভিনয়ের কথাবার্তাও চলছে তার।