দেড় যুগ পর একসঙ্গে তারা

দেড় যুগ পর একসঙ্গে তারা

ফন্ট সাইজ:

দীর্ঘ দেড় যুগ পর আবারো একসঙ্গে দেখা গেল ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ‘পাষাণের প্রেম’ ছবির নায়ক আদনান আজাদকে। সম্প্রতি এই জুটির রোমান্টিক ফটোশুটের ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় এসেছেন তারা। পুরনো এই জুটিকে আবারো পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করছেন সিনেমাপ্রেমীরা। প্রয়াত নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাষাণের প্রেম’ ছবিতে জুটি বেঁধেছিলেন অপু ও আদনান। ওই ছবির মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আদনানের। দীর্ঘ বিরতির পর এবার নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন অপু বিশ্বাস।

সম্প্রতি অপু জানান, কাজের প্রয়োজনে কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছেন তিনি। তবে আদনানের সঙ্গে তোলা ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি ইতিবাচক সাড়া পেয়েছেন। ভবিষ্যতে একসঙ্গে সিনেমা করার পরিকল্পনাও রয়েছে তাদের। অপু জানান, আদনান বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণ করতে চান। দেশের বাইরে থেকে দক্ষ একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার। এ নিয়ে দু’জনের মধ্যে কথাবার্তা চলছে। শিগগিরই তাদের আবারো দেখা হওয়ার কথা রয়েছে। তখন সিনেমা নিয়ে আলোচনা আরও এগোতে পারে। এদিকে, আদনানও ফটোশুটের সাতটি ছবি প্রকাশ করে জানান, ১৮ বছর আগে অপুর হাত ধরেই তার নায়ক জীবনের শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারো একসঙ্গে কাজের সম্ভাবনায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন এই জুটি। তবে নতুন সিনেমার বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।