‘খুব চেনা গল্প’-এ মৌ

‘খুব চেনা গল্প’-এ মৌ

ফন্ট সাইজ:

জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির তার ইউটিউব চ্যানেল ‘এমএসএম ড্রামা’র জন্য এবারই প্রথম একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। নাটকের নাম ‘খুব চেনা গল্প’। নাটকটির গল্প ভাবনা মীর সাব্বিরের। রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। নাটকটিতে ফরিদা চরিত্রে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। জানা গেছে, দীপ্ত টিভিতে
প্রচার শুরু হওয়া নতুন নাটক ‘বকুলপুর সিজন-৩’ ধারাবাহিকে গল্পের অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন মৌ। এরই মধ্যে ধারাবাহিকটির ২৪তম পর্ব প্রচারিত হয়েছে। তবে মীর সাব্বির পরিচালিত ‘খুব চেনা গল্প’ নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী মৌ।

এদিকে, আজ মৌয়ের জন্মদিন। তবে জন্মদিনে তিনি ‘খুব চেনা গল্প’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। মৌ বলেন, যেহেতু পেশাগতভাবে আমি একজন অভিনেত্রী, তাই নিজের বিশেষ দিবস উদ্যাপনের চেয়ে আমি আমার পেশাগত কাজকেই গুরুত্ব দিয়ে থাকি। অবশ্য বিগত বছরগুলোতে জন্মদিনে তেমন কোনো কাজ থাকতো না। পরিবারের সঙ্গেই সময় কাটতো। কিন্তু এবার সাব্বির ভাইয়ের ধারাবাহিক নাটকের সেটে সময় কাটবে। যেহেতু অন্য শিল্পীদের সঙ্গে সমন্বয় করে ধারাবাহিকের লট চূড়ান্ত করা হয়, সে কারণে আমিও জন্মদিনে শুটিংয়ে থাকছি। ধারাবাহিকে আমি ফরিদা চরিত্রে অভিনয় করছি। আপাতত ধারাবাহিকটির ৫২তম পর্ব নির্মিত হচ্ছে। হয়তো প্রচারের পর তা আরও বাড়তে পারে। কিছুদিন আগে মৌ প্রথমবারের মতো সিনেমাতে অভিনয় করেছেন। সোহেল আরমান পরিচালিত সিনেমাটির নাম ‘সংবাদ’।