ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপি’র সাবেক প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, কোনো জালিয়াতি, ভোটচোর, অবৈধ ইঞ্জিনিয়ারিং যেন জনগণের ভাগ্য নিয়ে খেলতে না পারে, তা রুখে দিতে হবে। এখন থেকে পাহারাদারি শুরু করতে হবে। বিজয়ের ফলাফল নিশ্চিত করে আপনারা ঘরে ফিরবেন। সোমবার বাদ আসর কানাইঘাট উপজেলা সদরে ফুটবল মার্কার সমর্থনে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এরপর কালীগঞ্জ বাজারে ফুটবল মার্কার সমর্থনে আরেকটি জনসভা করেন। চাকসু মামুন বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র ফুটবলের বিজয় ঠেকাতে পারবে না, নির্বাচনের মাঠে ফুটবলের গণজোয়ারে ঈর্ষান্বিত প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই অঞ্চলের মানুষ যখন গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ভোট উৎসবের চূড়ান্ত পর্যায়ে, তখন একটি বিশেষ মহল নির্বাচন বানচালের জন্য নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনমতকে উপেক্ষা করে কোনো ধরনের নীলনকশা এই অঞ্চলের মানুষ মেনে নেবে না। কানাইঘাট উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আবদুল লতিফের ও উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ ও কোষাধ্যক্ষ আবুল বাশারের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. আবু শহিদ শিকদার, আবদুল মালিক চৌধুরী চেয়ারম্যান, বিএনপি নেতা ইসমাঈল হোসেন সেলিম, মাসুক আহমদ, হাসান আহমদ, আব্দুস শাকুর, রিপন আহমদ, কাউন্সিলর শামীম আহমদ, ওয়েছ আহমদ, এডভোকেট নাসির উদ্দীন সাদিক, বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রহুল আমিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদ আলী, জাপা নেতা মর্তুজা আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ নেতা কবির আহমদ, আতিক আহমদ প্রমুখ।
কেন্দ্র পাহারা দিতে ভোটারদের আহ্বান সিলেটের স্বতন্ত্র প্রার্থীর
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
