৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার এককের শিরোপা জিতলেন থাইল্যান্ডের প্যাচারাফল লিকুল ও চীনের জিমো সং। আজ রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শেষ হয়েছে ১৭ দেশের ১০৭ খেলোয়াড়ের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট।
বালক এককের ফাইনালে থাইল্যান্ডের দুই খেলোয়াড়ের লড়াইয়ে দ্বিতীয় বাছাই লিকুল ২-৬, ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই ত্রি শ্রীসেনকে। প্রথম সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই সেট জিতে শিরোপা নিশ্চিত করেন লিকুল।
বালিকা এককের ফাইনালে শ্রীলঙ্কার দ্বিতীয় বাছাই ইউহানসা পেইরিসকে সরাসরি সেটে হারিয়েছেন চীনের জিমো সং। ৬-৪, ৬-২ গেমের জয়ে শিরোপা জেতেন তিনি।
গত ১৩ই অক্টোবর শুরু হয় প্রতিযোগিতার মূলপর্বের খেলা। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যৌথ স্পনসর আর.এ স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ ও টুর্নামেন্ট ডিরেক্টর মুয়াম্মার আহমাদ।
