বাংলাদেশের দুই নাগরিকের পর এবার নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশে এ দণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজ এ খবর প্রকাশ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দণ্ডপ্রাপ্তরা একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান করেছিল। তারা অস্ত্র ও বোমা ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য, নিরাপত্তা কার্যালয় ও নিরাপত্তা যানের ওপর গুলিবর্ষণ করেছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও তাজা গোলাবারুদ মজুত রাখা এবং সৌদি আরবের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে অর্থ ও সহায়তা দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
দণ্ডপ্রাপ্ত পাঁচ নাগরিক হলেন— মোহাম্মদ বিন মুনির বিন মোহাম্মদ আল-জাহের, আলী বিন আবদেল রাব্ব আল-হুসাইন আল-শেখ, হাসান বিন জাকি বিন মোহাম্মদ আল-ফারাজ, রেজা বিন মোহাম্মদ বিন আলী আল-আবু আব্দুল্লাহ এবং আলী বিন হাসান বিন আহমেদ আল-রাবাহ।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী আসামিদের গ্রেপ্তার করে তদন্ত শেষে আদালতে সোপর্দ করে। বিশেষায়িত আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাজির বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড দেন। আপিল আদালত ও পরবর্তীতে সুপ্রিম কোর্ট এই রায় বহাল রাখলে রাজকীয় ফরমানের মাধ্যমে শনিবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানায়, দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে এভাবেই শরিয়াহ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।
