ঢাকা জেলার প্রধান কোচের দায়িত্ব পাওয়ার এক সপ্তাহ পার না হতেই না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভিজ্ঞ কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ছোটন। শনিবার সকালে ঢাকায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিসিবি এসিসি লেভেল-২ সার্টিফায়েড এই কোচ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।
বিসিবি সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর ঢাকা জেলার প্রধান কোচ হিসেবে নিয়োগপত্র পেয়েছিলেন ছোটন। দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালনের আগেই তাঁর এই আকস্মিক প্রস্থান দেশের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া ফেলেছে। তাঁর অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে বোর্ড।
ছোটন তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন যুক্ত ছিলেন। ২০১১ সালে বিসিবিতে যোগ দেন তিনি। এরপর থেকে বয়সভিত্তিক ক্রিকেটে কোচ হিসেবে নিরলস কাজ করে গেছেন। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে দায়িত্ব পালনের পাশাপাশি যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
ঢাকা জেলার কোচের দায়িত্ব নেওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ছোটন। সবশেষ বিসিবির ‘রবি বোলার হান্ট’ কর্মসূচির ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। তাঁর মৃত্যুতে একজন অভিজ্ঞ কোচকে হারাল দেশের ক্রিকেট।
দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে কোচ ছোটন
স্পোর্টস রিপোর্টার
খেলা
৩ ঘন্টা আগে
১৭ অক্টোবর (শনিবার), ২০২৬, ৫ঃ৪২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
