হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় ডায়মন্ডের অলঙ্কার ফিরে পেলেন এক অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা। শনিবার দুপুরে বিমানবন্দরে হারিয়ে যাওয়া প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের দু'টি ডায়মন্ডের রিং উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের হেভি লাগেজের ৬ নম্বর গেইট এলাকায় চেকিং শেষে স্ক্যানিং মেশিনের পাশে অসাবধানতাবশত ডায়মন্ডের রিং দুটি ফেলে যান অবসরপ্রাপ্ত মেজর নুর-ই-আলম সিদ্দিকী।সেখানে দায়িত্বরত নারী আনসার সদস্য রুনা আক্তার ও মো. নাসির উদ্দীন মালিকবিহীন ডায়মন্ডের অলংকার দু'টি পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। এরপর নিরাপত্তা কর্মকর্তার (ডিএসও) নির্দেশনা অনুযায়ী রিং দুটি আনসার বাহিনীর হেফাজতে রাখা হয়। পরবর্তীতে এভসেক (AVSEC) কর্তৃপক্ষের মাইকিং শুনে রিং দুটির প্রকৃত মালিক ঘটনাস্থলে ছুটে আসেন। তার দেয়া বিবরণ ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে মালিকানা নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
পরে পিসি নিজাম উদ্দিন, আলমগীর হোসেন এবং দোলন মিয়ার উপস্থিতিতে রিং দুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আনসার সদস্যদের এমন দায়িত্বশীলতা ও সততার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেজর (অব.) নুর-ই-আলম সিদ্দিকী।
