উত্তরায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়া, ২ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর

উত্তরায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়া, ২ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর

ফন্ট সাইজ:

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। জানা যায়, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোড দিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের বাধার মুখে পিছু হঠতে বাধ্য হন তারা। পরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম মানবজমিনকে বলেন, ‘১০০০-১৫০০ পোশাকশ্রমিক লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিলে আমরা তাদের সঙ্গে কথা বলতে যাই। কিন্তু তারা কোনো কথা শোনেননি। পরবর্তীতে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। তাদের ওপর লাঠিচার্জ করা হয়নি। শুধু ধাওয়া দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পোশাক শ্রমিকদের হামলায় আমাদের দু’জন অফিসার আহত হয়েছেন। একজনের হাত ভেঙে দেয়া হয়েছে। তারা আমাদের দু’টি গাড়ি ভেঙে ফেলেছেন, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল।  পুরো এলাকা বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে।’