২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৩৪০টিরও বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও শত শত শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, গাজা উপত্যকায় চলমান অবরোধের মধ্যেও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গত দুই সপ্তাহে হামলায় পাঁচটি ছেলে ও দু’টি মেয়ে প্রাণ হারিয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৩৩টি শিশু। তিনি আরও জানান, গাজায় প্রায় ৮ লাখ শিশু এখনো বাস্তুচ্যুত। তাদের অধিকাংশই তাঁবু কিংবা অনিরাপদ ভবনে আশ্রয় নিয়েছে। ইউনিসেফের এই মুখপাত্র সতর্ক করে বলেন, আসন্ন শীতের মাসগুলোতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের বসবাসের অনুপযোগী ও অমানবিক পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হবে।
