বর্তমান সরকারের পরিণতিও ভালো হবে না: ডা. শফিকুর রহমান

ফন্ট সাইজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় অস্বীকার করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকারের পরিণতিও অতীতের মতো হতে পারে। তিনি অভিযোগ করেন, আগের সরকারের দেখানো পথেই বর্তমান সরকার হাঁটছে। দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি, বরং দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য বেড়েছে। গতকাল সকালে গাজীপুরের টঙ্গীতে শহীদ আব্দুল মালেক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। কিন্তু বর্তমানে শিক্ষাঙ্গনে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। বিচার বিভাগ ও শিক্ষা বিভাগেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। এ অবস্থায় জামায়াতে ইসলামীকে জনগণের আস্থা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গাজীপুরের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে শিল্পমালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সমর্থন অর্জন ও বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। জনগণের কল্যাণে কাজ করে তাদের আস্থা অর্জন করতে হবে। গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহজাহান ও মাওলানা দেলাওয়ার হোসাইন, ড. খলিলুর রহমান মাদানী, সাবেক জেলা আমীর আবুল হাশেম খান, গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম এবং টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ। এ ছাড়া মহানগর জামায়াতের নায়েবে আমীর খায়রুল হাসান ও হোসেন আলী, মহানগর সেক্রেটারি আ. স. ম. ফারুক, সিটি মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানসহ মহানগর ও বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।