নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনটির সোনাইমুড়ী অংশে ভোটকেন্দ্র রয়েছে ৬৯টি। যেগুলোতে আগামী ১২ই ফেব্রুয়ারি দুই লাখ ১৮ হাজার ৫১১ ভোটারের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য সিসি ক্যামেরাসহ নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ মোট পাঁচ ভাগ করা হয়েছে কেন্দ্রগুলোকে। যার মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে ১৩টি, অধিক ঝুঁকিপূর্ণ ১১টি, গুরুত্বপূর্ণ হিসেবে একটি, অধিক গুরুত্বপূর্ণ হিসেবে তিনটি ও সাধারণ হিসেবে শনাক্ত করা হয়েছে ৪১টি কেন্দ্রকে। প্রশাসনের তৈরি তালিকায় সোনাইমুড়ী থানার মধ্যে সোনাইমুড়ী থানা থেকে সবচেয়ে দূরত্বে রয়েছে দেওটি ইউনিয়নের পতিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঘাসেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তালিকায় উল্লেখিত কেন্দ্রের মধ্যে কুমিল্লার জেলার সীমানা ঘেঁষে রয়েছে চাষিরহাটের পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। যেগুলো সোনাইমুড়ী থানার ৫ থেকে ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এর মধ্যে প্রশাসনের তালিকায় কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ও পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর মধ্যে পূর্ববর্তী বিভিন্ন নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে চারটি কেন্দ্রে। যেগুলো হচ্ছে সোনাইমুড়ী পৌরসভার বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদনা ইউনিয়নের কালুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়। বজরা ইউনিয়নের ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বারাহিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী সাইফ উল্যাহ গত ৩০শে জানুয়ারি মতবিনিময় সভায় চাটখিল-সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিকদের সামনে ও সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে তাদের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোর ব্যাপারে প্রশাসনকে তালিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন। প্রশাসন বলছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সোনামুড়ী থানার ওসি কবির হোসেন বলেন- ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য দেয়া হবে এবং সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন প্রসাশনের মাধ্যমে ভোটারদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নোয়াখালী-১ আসনে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
