সিরাজগঞ্জে সরকারি খেলার মাঠ দখল করে হাল-চাষ

সিরাজগঞ্জে সরকারি খেলার মাঠ দখল করে হাল-চাষ

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি ৪ বিঘা আয়তনের একটি খেলার মাঠ দখল করে হাল-চাষের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ক্রীড়া প্রেমিরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে এই মাঠ দখলের ঘটনা ঘটে। পরে ক্রীড়াপ্রেমি স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

শুক্রবার সকালে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানবজমিনকে। তিনি বলেন, জায়গাটি খাস খতিয়ান হওয়ায় ২০১৯ সালে তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সামাজিক নিরাপত্তা ও আবাসন প্রকল্পের আওতায় গৃহহীনদের গুচ্ছগ্রাম নির্মাণের উদ্দেশ্যে সেখানে মাটি ভরাট করেছিল। এরপর সেখানে গুচ্ছগ্রাম না হওয়ায় ওই গ্রামের যুব সমাজ ও কিশোররা নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলতেন।
স্থানীয়রা বলছেন, ওই মাঠটি কোন ব্যক্তির নিজস্ব সম্পত্তি না, সরকারি খাস সম্পত্তি। এ কারণে জায়গাটি খেলার মাঠ হিসেবেই তারা ব্যবহার করতেন। কিন্তু গতকাল হঠাৎ সরকার বংশের হেকমত আলী সরকার, আল-আমিন সরকার, নূর মোহাম্মদ সরকার, ওমর আলী সরকার, হারান সরকার ও তোফাজ্জল সরকার মাঠটি চাষাবাদের উদ্দ্যেশ্যে ট্রাক্টর দিয়ে হাল-চাষ করেছেন।

মুঠোফোনে কথা হয় নওকৈড় গ্রামের বরাত আলী প্রামাণিকের সঙ্গে। তিনি মানবজমিনকে বলেন, জায়গাটি সরকারি খাস হওয়ায় কেউ খাজনা-খারিজ করতে পারেনা। সেখানে গুচ্ছগ্রাম হবে বলে আওয়ামী লীগ আমলের শওকত চেয়ারম্যান মাটি ফেলে রেখেছিল। কিন্তু সেটাও হয়নি। তারপর থেকেই ছেলেরা সেখানে খেলাধুলা করে।

তবে, সরকারি সম্পত্তি দখলে নেওয়ার কারণ জানতে হেকমত আলী সরকার গংদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোন উত্তর পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম মানবজমিনকে বলেন, ওই মাঠ দখলের বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমেই অবগত হলাম। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।