কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি

ফন্ট সাইজ:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত আনা হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী মেইন পিলার ২০৫৯-এর নিকটে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএসএফ কর্তৃক আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
দুই বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনা হয়।

হস্তান্তর হওয়া দুই পুলিশ সদস্য হলেন- ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল রহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন।
দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন বলেন, মাদকের আসামিকে ধরতে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে বিজিবির সাথে যোগাযোগ করলে ঢাকা থেকে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও কথা বলে আজ আমাদের নিকট হস্তান্তর করে বিএসএফ।

লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। তাদের হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

নারায়ণপুর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।