আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে মোট ৩০১টি কেন্দ্রের ৫৪ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পুলিশ, বিজিবি, আনসার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনে মোট কেন্দ্র রয়েছে ১৫৬ টি, মোট ভোট কক্ষের সংখ্যা ৮২৮টি, প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে ৭৩৩ টি সিসি ক্যামেরা। এ আসনে ১৫৬ জন প্রিজাইডিং অফিসার, ৮২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৬৫৬ জন পোলিং অফিসার কাজ করবে। পাশাপাশি ৩৮০ জন সেনাবাহিনীর সদস্য,বিজিবি প্লাটুন সংখ্যা ৪০, র্যাবের টিম সংখ্যা ১৪, বিজিবি স্টাইকিং ফোর্স ৪০, পুলিশের মোবাইল টিম সংখ্যা ৬২৬, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ জন কাজ করবে।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৫ জন। অপরদিকে, মাগুরা-২ আসনে মোট কেন্দ্র রয়েছে ১৪৫টি, মোট ভোট কক্ষের সংখ্যা ৭৯৭টি। এ আসনে প্রতিটি ভোটকেন্দ্রে ৬২২টি স্থাপন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে এ আসনে ১৪৫ জন প্রিজাইডিং অফিসার, ৭৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৫৯৪ জন পোলিং অফিসার, ২৯৬ জন সেনাবাহিনীর সদস্য,বিজিবি প্লাটুন সংখ্যা ৪০, র্যাবের টিম সদস্য ১৪ জন,বিজিবি স্টাইকিং সদস্য ৪০ জন, পুলিশের মোবাইল টিম সদস্য ৪৬১ জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ জন কাজ করবে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে বুধবার সকালে সদর উপজেলা পরিষদ থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।
